রাজধানীসহ
ঢাকা ও খুলনা বিভাগে আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত
টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সারা
দেশে চলমান অবরোধের মধ্যেই এ হরতাল দেয়ার ঘোষণা দিল জোটটি। মঙ্গলবার
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান।
এছাড়া সিলেট জেলা ও রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ হরতালের ডাক দিয়েছে স্থানীয়
বিএনপি। এদিকে আজ ও বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র
ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি
স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আজ ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা
পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে খুলনা বিভাগের কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়
বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল পালিত হবে। সারা দেশে যৌথ বাহিনীর
অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন,
ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ এবং গ্রেফতারকৃত দলীয়
নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয় বলে বিবৃতিতে জানানো
হয়েছে।বুধ ও বৃহস্পতিবার সব শিক্ষা
প্রতিষ্ঠানে ধর্মঘট : সংগঠনের নেতাদের হত্যা, গুম, গ্রেফতার, শিক্ষাঙ্গনে
ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদে এবং
অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার
দাবিতে আজ বুধ ও বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের
ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সিলেটে
আজ ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল : সিলেট ব্যুরো জানায়, জেলা ও মহানগরীতে আজ
বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। হরতালের সত্যতা
নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আহমদ। বিএনপি ও
অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, বিজিবিসহ বিভিন্ন বাহিনী প্রধানের
নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের
মুক্তি ও সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে জেলা এবং মহানগর ২০ দলীয় জোট এ
হরতাল আহ্বান করেছে বলে জানান তিনি।যশোর
জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল : আজ থেকে খুলনা বিভাগের সব জেলায় হরতাল ডাকা
হলেও নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা ও আটকের প্রতিবাদে যশোর জেলায়
বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ
সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলা বিএনপি নেতাদের নামে
ষড়যন্ত্রমূলক মামলা ও আটক এবং যৌথ বাহিনীর অভিযানের নামে হামলা-ভাংচুরের
প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।ইসলামী
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের মাকে
নিয়ে অশালীন মন্তব্যকারী পুলিশ সদস্যের শাস্তি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়
খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ চার দফা দাবিতে কুষ্টিয়া ও ঝিনাইদহ
জেলায় ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।পুঠিয়ায়
আজ অর্ধদিবস হরতাল : বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী
জেলার সভাপতি নাদিম মোস্তফার মুক্তির দাবিতে বুধবার পুঠিয়ায় অর্ধদিবস হরতাল
ডেকেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা যুবদলের সভাপতি ও জেলা জুলফিকার রহমান
ভূট্ট জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী কোট চত্বরে বিএনপির জরুরি বৈঠক থেকে
এই হরতাল আহ্বান করা হয়।ঢাকা বিভাগে
আজ ও কাল ছাত্রদলের হরতাল : খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক
নুরুজ্জামান জনিকে হত্যার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ঢাকা বিভাগে
সর্বাত্মক হরতাল আহ্বান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার ছাত্রদল
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান
এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। www.24banglanewspaper.com

