মানুষ পুড়িয়ে মারা কি রাজনৈতিক সংকট
বর্তমান
রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান নাকচ করে
দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশে
কোনো রাজনৈতিক সংকট নেই। তিনি প্রশ্ন করেন, বোমাবাজি, পেট্রলবোমা মেরে
মানুষ পুড়িয়ে মারা কি রাজনৈতিক সংকট? এটা রাজনীতির অংশ হতে পারে না। এটা
সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে নয়, প্রশাসনই
মোকাবিলা করবে।
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ
সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ।
সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে করা অভিযোগের
পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।হানিফ
বলেন, দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়। একটি গোষ্ঠী দেশকে অকার্যকর করতে
পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে ব্যর্থ রাষ্ট্র বানাতে
চায়। যাতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা দেশবাসীকে এসব
নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তিনি জানান, পেট্রলবোমার
মাধ্যমে দেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান হচ্ছে। ফ্রান্স, বেলজিয়ামে
সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ যদি
ন্যায়সঙ্গত হয়, তাহলে আমাদের দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে
লড়াই ন্যায় ও যৌক্তিক।আওয়ামী লীগের এ
নেতা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন ও স্থায়ী কমিটির
সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রমাণ করেছেন তিনি অবরুদ্ধ নন। অবরুদ্ধের নামে
নাটক করেছেন। আমরা এতদিন যে দাবি করেছি, তাই প্রমাণিত হয়েছে। সরকার
নাশকতামূলক কর্মকাণ্ড করছে-বিএনপি নেত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে
হানিফ বলেন, ছাত্রদল নেতা আকরামকে পেট্রলবোমাসহ ধরা হয়েছে এবং তার
স্বীকারোক্তি প্রমাণ করে এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। তাদের শীর্ষ নেতাদের
নির্দেশেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। হানিফ আরও বলেন, যখনই তার মামলার
হাজিরা থাকে তখনই তিনি কোনো না কোনো পরিকল্পিত ঘটনা ঘটিয়ে হাজিরা থেকে
রেহাই পেতে হরতাল-অবরোধ ডাকেন।সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম,
ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, ড. আবদুর রাজ্জাক, ডা.
বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, অ্যাডভোকেট আফজাল হোসেন, আমিনুল ইসলাম আমিন,
সুজিত রায় নন্দী প্রমুখ। www.24banglanewspaper.com
