বাংলাদেশে আসছেন ম্যারাডোনা!
ঢাকার মাঠে খেলে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সমর্থকরা চোখ জুড়িয়েছেন ক্ষুদে জাদুকরের ফুটবলশৈলী দেখে। এবার তার পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনার ঢাকায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেলিব্রেটি গ্র“প। ইন্ডিয়ান সুপার লীগের (আইএসএল) আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ (বিএসএল) আয়োজনের প্রস্তাব দিয়েছে সেলিব্রেটি গ্রুপ। তাদের দাবি, লীগ কমিটির চেয়ারম্যান হতে রাজি হয়েছেন ম্যারাডোনা। সব ঠিক থাকলে হয়তো আগামী মাসেই ঢাকার আতিথ্য গ্রহণ করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেলিব্রেটি গ্র“পের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে সভা করে এই তথ্য দিয়েছেন। জানা গেছে, বাফুফে এ ব্যাপারে প্রাথমিকভাবে তাদের সম্মতি দিয়েছে। ভাস্বর গোস্বামী বলেন, ম্যারাডোনার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি ফ্র্যাঞ্চাইজি লীগের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হতে রাজি আছেন। এ ব্যাপারে ম্যারাডোনার সঙ্গে পাকা কথা হবে ২৯ জানুয়ারি মাদ্রিদে। আমাদের ইচ্ছা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের আগেই ম্যারাডোনাকে ঢাকায় আনার। আগামী মাসে ম্যারাডোনা ঢাকায় পা রাখছেন। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি লীগকে সামনে রেখে কমপক্ষে চারবার ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। আমাদের লক্ষ্য নভেম্বরে এই লীগ আয়াজন করা।ভাস্বরের কথায়, বাফুফের কাছে ১২ সপ্তাহ সময় চেয়েছি লীগ আয়োজনের জন্য। আটটি ভেন্যুতে আটটি দলকে নিয়ে খেলা হবে। এরই মধ্যে ব্রাজিলের ফ্লামিঙ্গো এবং ফ্রান্সের অলিম্পিক লিও ক্লাবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ঢাকা ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে রাজি হয়েছে। আমাদের শর্ত হল, যারা এই লীগে খেলবে তাদের নিজস্ব ফুটবল একাডেমি থাকতে হবে। স্থানীয়দের বেলায়ও তাই। এক্ষেত্রে তাদের এক বছরের মধ্যে একাডেমি করতে হবে। বাফুফের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করব আমরা। এ ব্যাপারে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, শুক্রবারের জরুরি সভায় ভাস্বরের প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে দুদফা বাফুফের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন ভাস্বর গোস্বামী। কাল দিয়েছেন আনুষ্ঠানিক প্রস্তাব। সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্র“পের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশে আটটি ভেন্যুতে আট দল নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৬১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। www.24banglanewspaper.com
